ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৩৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনা মানুষের ভালবাসা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : মতিয়া চৌধুরী

প্রকাশিত : ১০:২১ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:২৯ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

downloadস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভালবাসা নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার জীবন মরুভূমির মতো হয়েছিল। তিনি দেশের মানুষের প্রয়োজনে মরুভূমির মতো জীবনকে মরুদ্যানে পরিণত করেছেন। তিনি আরো বলেন, তার ছায়ায় দেশে উন্নত জীবন-যাপনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। মতিয়া চৌধুরী বৃহস্পতিবার বিকেলে নগরীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান আতা, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল। মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিতে যেমন কখনো কুন্ঠাবোধ করেননি, তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে মৃত্যুর মুখে যেতে দ্বিধাবোধ করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। তিনি পিতার আদর্শের পতাকা হাতে অবিচলভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। যুবলীগের নেতা-কর্মীরা মন্ত্রমুগ্ধের মতো তা শোনেন। এ সময় মতিয়া রাজনৈতিক সংকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে মোকাবেলা করেছেন তা নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন। ১২.০৬.২০১৫