ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:০২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাই দিল্লিতে সরকার গঠন করবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামীদিন বাংলাই দিল্লিতে সরকার গঠন করে ভারতকে পথ দেখাবে মন্তব্য করে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা তোমাদের হিংসা এবং দাঙ্গার সংস্কৃতিতে বিশ্বাসী না। তোমরা মানুষ হত্যা কর আর আমরা জীবন দিই, রক্ত দিই। আমরা জীবন দিতে প্রস্তত থাকি, কিন্তু দাঙ্গাকে সমর্থন করি না।

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে চাওয়ালা থেকে চৌকিদার বলে কটাক্ষ করে মমতা বলেন, ৫ বছর আগে নিজেকে চাওয়ালা বলেছিলেন। এখন চাওয়ালা থেকে চৌকিদারে বদলে গেল! জনগণ বলছে চৌকিদার চোর হ্যায়। আমি বলছি চৌকিদার ঝুটা হ্যায়। চৌকিদার লুটেরা হ্যায়।

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটাতে দলীয় এক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, দিদির পুরো শরীররে মারে ক্ষতবিক্ষত। আপনাদের মতো ডাকাতদের দিদি ভয় না পেয়ে রুখে দাঁড়ায়। এত আন্ডার এস্টিমেট করার কোনও কারণ নেই।

এর আগে পশ্চিমবঙ্গের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নরেন্দ্র মোদি বলেছিলেন, তার জনসভায় এত লোক দেখলে নাকি দিদি ভয় পায়।

এর জবাবে এই তৃণমূল নেত্রী বলেন, মোদি তো নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো আসেন আর নাটক করেন।

লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কোচবিহারে আর্মস ডিলারকে (অস্ত্র বিক্রেতা) প্রার্থী করেছেন। জঞ্জাল বলে আমরা দল থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। এখন তাকেই নিয়ে বিজেপি কোলে তুলে নাচছে।

বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এখনও অসমে নারী ও শিশুদের ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়া হয়েছে। অসমে এনআরসিতে ২২ লাখ হিন্দু, ২০ লাখ মুসলিম, গোর্খা ও বিহারীদের নাম বাদ দিয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। আমরা নাগরিক সংশোধনী বিল মানি না।


-জেডসি