৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কুমিল্লা ইপিজেডের আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুন ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে।
কারখানার মেকানিক্যাল বিভাগের কর্মী দিদার বলেন, কারখানার ভেতর ৩টি শিফটে কাজ হয়, প্রতি শিফটে অন্তত ৫০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম শুনতে পেয়ে সকল শ্রমিক নিরাপদেই বাইরে চলে আসেন।
আগুনের খবর পেয়ে ইপিজেডের প্রধান দুটি গেটে উৎসুক জনতা ও শ্রমিকদের স্বজনরা ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য।
এদিকে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলামসহ র্যাব ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুই তলাবিশিষ্ট ওই স্পিনিং মিলে প্রচুর পরিমাণ সুতা ও তুলা থাকায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-জেডসি
