ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:০২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রেক্সিট: ব্রিটেনকে আরও ছয় মাস সময় দিল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া কার্যকর করার জন্য ব্রিটেনকে আরও ছয় মাস সময় দিয়েছে ইইউ।

বুধবার বিকেলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ব্রেক্সিট বাস্তবায়ন করার জন্য সময়ের আবেদন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।  

২৭টি দেশের নেতাদের কাছে টেরিজা মে ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়ানোর জন্য অনুরোধ করেন। সময়সীমা বাড়ানোর নিয়ে ইউরোপীয় নেতারা নিজেদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করার পর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সময় বাড়ানো হয়।

এই  ছয় মাসের মধ্যে ব্রিটেন কিভাবে ইইউ থেকে বেরিয়ে আসবে সেই উপায় নির্ধারণ করবে। তবে জুন মাসে এই বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে ব্রেক্সিটের সময়সীমা আরো বাড়ানোর জন্য জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর দ্বারস্থ হয়েছিল টেরিজা মে।

অপরদিকে, ব্রেক্সিটে ইস্যুতে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া হচ্ছে। এই আলোচনার বিষয়ে আশাবাদী তথ্য দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রীট। লেবার পার্টির সঙ্গে প্রধানমন্ত্রী টেরিজা মে’র আলোচনা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে সংকটের সমাধান বের করতে আরো কিছু সময় লাগবে বলেও জানানো হয়।

বৈঠকের নিয়ে লেবার নেতা জেরেমি করবিনও জানান, প্রধানমন্ত্রী তার ব্রেক্সিট প্রস্তাবের বিষয়ে আসা সকল বাধা ইতোমধ্যে অতিক্রম করেছেন। সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিতও দেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হওয়ার কথা ছিল ২৯শে মার্চ।  তবে সিদ্ধান্ত নিতে না পারায় ১২ই এপ্রিল সময় নির্ধারণ করা হয়। কিন্তু ব্রিটেন কোন পথে ইইউ থেকে বেরিয়ে আসবে এখনও চূড়ান্ত করতে পারেনি দেশটির পার্লামেন্ট। ব্রেক্সিট নিয়ে টেরিজা মে'র একের পর এক প্রস্তাব বাতিল করে ব্রিটিশ পার্লামেন্টে।

৪০ বছরের বেশি সময় ইইউ'র সাথে থাকার পর ২০১৬ সালের ২৩শে জুন একটি গণভোট নেয় যুক্তরাজ্য। সেখানে সেই দেশের জনগণের কাছে জানতে চাওয়া হয়- যুক্তরাজ্যের কি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকা উচিত, নাকি উচিত না?

সেই গণভোটে ৫২ শতাংশ ভোট পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পক্ষে, আর থাকার পক্ষে ৪৮ শতাংশ ভোট।

-জেডসি