ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:০২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সৌদি আরবের বিমানবন্দরের না হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।  

শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন,  বাংলাদেশ সফররত সৌদি আরবের ইমিগ্রেশন প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত হয়। সেখানে দুই পক্ষই বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে সম্পন্ন করার জন্য সম্মতি জ্ঞাপন করে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এখন যে নিয়ম করা হয়েছে-সেই অনুযায়ী বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ অংশের ইমেগ্রেশন করবে। এছাড়া আগামী হজেও একই নিয়মে তারা হজ ক্যাম্প এবং শাহজালালে বাংলাদেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারবে।

এরপর উভয় বিমানের হজ করতে যাওয়া যাত্রীদের শাহজালাল বিমানবন্দরের একটি এক্সক্লুসিভ জোনে নেয়া হবে। সৌদি আরবের জেদ্দায় যেই ভাবে ইমিগ্রেশনের কাজ হত, তা ওই এক্সক্লুসিভ জোনে এখন থেকে সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই এক্সক্লুসিভ জোনের সব ধরনের কার্যক্রম পরিচালনায় থাকবে সৌদি আরবের টেকনিক্যাল টিম। দুই ধাপের ইমিগ্রেশন শেষ করার পর হজযাত্রীরা ফ্লাইটে উঠবে। এর ফলে সৌদি আরবে পৌঁছে আর ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না তাদের। এতে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার বিড়ম্বনা লঘব হবে।  

এই সময় সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ধর্মসচিব মো. আনিছুর রহমান এবং হাবের প্রতিনিধিরা।

উল্লেখ্য, এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ থেকে এই বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবে।

-জেডসি