ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:০২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নুসরাত হত্যায় জড়িতদের কোনো ছাড় নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অধ্যক্ষের যৌন নিপীড়নের বিচার চাওয়ায় ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই।  যারা বোরখা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নুসরাতকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক ভাবে মেয়েটি আমাদেরকে ছেড়ে চলে গেল।

শেখ হাসিনা বলেন, অপরাধীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শাস্তি তাদের পেতেই হবে। এ ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হবে। কেউ রেহাই পাবে না।

বিএনপি মানুষকে পুড়িয়ে হত্যা করার পথ দেখিয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তারা ইতোপূর্বে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মেরে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। যারা এই হামলার শিকার হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে এর কত যন্ত্রণা। অনেকে এখনও পোড়া শরীর নিয়ে বেঁচে আছে। তাদের মধ্যে অনেককেই আমরা সাহায্য সহযোগিতা করছি।

বৈঠকে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউল রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রফেসর আব্দুল খালেদ, প্রফেসর হামিদা বানু, মশিউর রহমান, মহীউদ্দিন খান আলমগীর, মুকুল বোস ও অ্যাম্বাসেডর জমিরসহ অন্যরা।

-জেডসি