ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৮:৫৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে কোনও ধরনের নাশকতার হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ আছে। আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত আছে।

শনিবার দুপুরে ঢাকার রমনা বটমূলে বাংলা বর্ষবরণের সবশেষ প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর জন্য যারা চেষ্টা করছে তাদের কঠোর নজরদারিতে রয়েছে বলে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে সারাদেশের সর্বস্তরের মানুষ সামিল হবে।  এই বাংলা বর্ষবরণের উৎসবে নাশকতার কোনও আশঙ্কা নেই। তবে আমরা মনে করছি সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়াতে চেষ্টা করা হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা নজরদারিতে রেখেছি। যাতে কেউ কোনও ধরনের গুজব ছড়াতে না পারে।

বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে রমনা বটমূল এলাকাসহ পুরো ঢাকা শহর ও দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ থাকবে বলেও জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজধানী ঢাকার প্রতিটি বড় উৎসবের উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিঃশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।  

বাংলা বর্ষবরণের উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য এবং সুন্দরভাবে উদযাপন করতে যা যা করনীয় তার সব ধরনের ব্যবস্থা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষ বরণ ১৪২৬ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-জেডসি