ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:২০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উপজেলা পরিষদে নারী সদস্য পদ নির্বাচন সোমবার

প্রকাশিত : ০৬:১২ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৬:১২ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার

1434291650স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : উপজেলা পরিষদের নারী জন্য সংরক্ষিত সদস্য পদে সোমবার নির্বাচন। দেশের ৩৭৭টি উপজেলা পরিষদের ১২৪৫টি পদে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রতি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৩৬জন। মোট ভোটার ১১ হাজার ১৬৮জন।
ইতিমধ্যে ১৫৬১টি আসনের মধ্যে এই নির্বাচনে ৯৩ উপজেলার ৩০১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ১৬টি আসনে কোন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি।
গত ১৩ মে ৪৭৮ উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা ক্রটির কারণে ৮টি উপজেলাতে নির্বাচন স্থগিত হয়।
এগুলো হলো-মেহেরপুর সদর, চুয়াডাংগার দামুড়হুদা, পাবনার ভাঙ্গুড়া, নারায়ণগঞ্জের রুপগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, ফরিদপুরের চরভদ্রাসন,  ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সাতক্ষীরার শ্যামনগর। অবশিষ্ট ৪৭০ উপজেলার মধ্যে ৯৩ উপজেলায় সংরক্ষিত নারী পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকী ৩৭৭ উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২১ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত ৩০ মে।
এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো নারী সদস্য উপজেলা পরিষদে যোগ দেবেন এবং উপজেলা পরিষদ পূর্ণাঙ্গ রূপ পাবে। এর আগে সাবেক ড. শামসুল হুদা কমিশনের অধীনেই অনুষ্ঠিত হয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। কিন্তু ওই কমিশন আইনি বাধ্যবাধকতা থাকার পরও উপজেলায় সংরক্ষিত মহিলা আসন পূরণে কোনো উদ্যোগ নেননি। ফলে উপজেলা পরিষদে মহিলা সদস্য পদে নির্বাচন না হওয়ায় পূর্ণাঙ্গ পরিষদ গঠন করা সম্ভব হয়নি।
সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন গঠিত হয়। এ কমিশনের অধীনে গত বছর চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা আসন পূরণে প্রধান নির্বাচন কমিশনারকে প্রস্তাব দেন সিনিয়র নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক।
প্রায় দেড়বছর পরে এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদে মহিলা সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা।
আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিযয়ন থাকলে পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।
১৫.০৬.২০১৫