ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৪:১৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হুমকি পাওয়া ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যেসব বাংলাদেশি নাগরিকেরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ ছাড়া হুমকির ঝুঁকি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান মন্ত্রী।

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লোন উলফ ম্যাগাজিনে বাংলাদেশে জঙ্গি হামলার হুমকিকে এদেশের জনগণ ভয় পায় না। যাদের নামে হুমকি দেয়া হয়েছে, তাদের নিরাপত্তা দেয়া হবে। এই হুমকি দেয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না। কারণ, এ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।

আইএসসমর্থিত বাংলা সাময়িকী 'লোন উলফ' এর মার্চ সংখ্যায় বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয়া হয়। এ সংক্রান্ত খবর শনিবার বিভিন্ন গণমাধ্যমে আসে।

হুমকি পাওয়া তিন নাগরিকের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

আইএসসমর্থিত বাংলা সাময়িকী 'লোন উলফ' এর মার্চ সংখ্যায় ওই হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

এ হুমকির বিষয়ে শনিবার নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুলতানা কামাল। তার জিডির নম্বর ১৭১। একই থানায় জিডি করেছেন শাহরিয়ার কবিরও।

এ ছাড়া হত্যার হুমকি পাওয়ায় পর নিরাপত্তা চেয়ে রোববার দুপুর সোয়া ১টার দিকে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন।

ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ জানান, সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে দুপুরে মুনতাসীর মামুনের একজন অফিস সহকারী এসে জিডি করেন।

-জেডসি