ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বকেয়া বেতনের দাবিতে খুলনার ৮ পাটকলের উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এসব পাটকলের ২৫ হাজার শ্রমিকের পাওনা প্রায় ৬৫ কোটি টাকা। সোমবার থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

গতকাল রোববার বিকালের পর থেকে একে একে মিলগুলো বন্ধ করে দেন শ্রমিকরা।

বন্ধ করে দেয়া মিলগুলো হচ্ছে- প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দৌলতপুর জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং, জেজেআই জুটমিল। সকালের মধ্যে খালিশপুর রাষ্টায়ত্ত পাটকলও বন্ধ হতে পারে।

মিল সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত এ আট পাটকলে ২৫ হাজার শ্রমিকের ১১ সপ্তাহের প্রায় ৬৫ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে।

মজুরির দাবিতে ‘স্টার মিল বিকাল ৩টায়, প্লাটিনাম সন্ধ্যা ৬টায়, দৌলতপুর রাত ৮টায়, ক্রিসেন্ট রাত সোয়া ৮টায় বন্ধ করে দেয়া হয়।

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘পাট মন্ত্রণালয় ও বিজেএমসির সঙ্গে বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন।’

ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘শ্রমিকরা ১১ সপ্তাহের মজুরি পায় না। শুধু মজুরি বাবদ প্রায় ৬৫ কোটি টাকা বকেয়া রয়েছে। শ্রমিকরা ধার-দেনা করে আর কতদিন চলবে? এ কারণে মিল বন্ধ করেছেন শ্রমিকরা।

খালিশপুর জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) মো. মোস্তফা কামাল জানান, গতকাল বিকাল থেকে কয়েকটি জুট মিল বন্ধ করে দেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে কোনো শ্রমিক উৎপাদনে আসেনি।


-জেডসি