আগামী শুক্রবার কুয়েটে অনুষ্ঠিত হবে ব্রেইন চ্যালেঞ্জেস অ্যান্ড আইডিয়া কার্নিভাল
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামী শুক্রবার (১৯ জুন) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়েট ব্রেইন চ্যালেঞ্জেস অ্যান্ড আইডিয়া কার্নিভাল’ এবং প্রতিযোগিতা। দিনব্যাপী কুয়েট ম্যাথ ক্লাব এবং কুয়েটিয়ান কিউবিস্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ভবনের সেমিনার কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্নিভাল এবং প্রতিযোগিতার ইভেন্ট।
কার্নিভালটি দু’টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি-এ এবং ক্যাটাগরি-বি। ক্যাটাগরি এ-তে আছে সুডোকু, রুবিকস কিউভ সলভিং ও আইকিউ চ্যালেঞ্জ। ক্যাটাগরি বি-তে রয়েছে আইডিয়া সাবমিশন।
এছাড়া থাকছে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সবার জন্য রুবিকস কিউভ সলভিংয়ের ওপর কর্মশালা।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে ক্যাটাগরি বি-তে কুয়েটের বাইরের শিক্ষার্থীরাও কার্নিভাল এবং প্রতিযোগিতার ইভেন্টে অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আইডিয়া প্রতিযোগিতার প্রতিটি দলে কমপক্ষে একজন নারী সদস্যসহ তিনজন সদস্য থাকতে পারবেন। আইডিয়া পাঠাতে হবে [email protected] এ ই-মেইল ঠিকানায়। প্রতিটি আইডিয়ার সঙ্গে অবশ্যই শিরোনাম এবং ১৫০-২০০ শব্দের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। এছাড়া দলের নাম, সদস্যদের নাম, বিশ্ববিদ্যালয় ও বিভাগের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। আইডিয়াটি যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শুধু আইডিয়া সাবমিশনের বেলাতে আইডিয়া সিলেক্ট হওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। কার্নিভাল ও প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে-০১৬৮৯২৫৮০৩৫০, ০১৯১১-২৫১৬৩১, ০১৬৭৬-৫০৭৭৫৬ এসব মোবাইল নম্বরে।
১৬.০৬.২০১৫ 