শেখ হাসিনাকে খালেদা জিয়ার ইফতারের দাওয়াত
প্রকাশিত : ০৭:৩৪ এএম, ১৬ জুন ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৪ এএম, ১৬ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী রবিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়া ইফতার পার্টির আয়োজন করবেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস আমন্ত্রণপত্র গ্রহণ করেন। পরে রিপন সাংবাদিকদের বলেন, প্রতিবছরের মতো দেশের অন্যতম বৃহত্ দল বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে এবারো ইফতার পার্টি দেবেন।
দেশের অন্য আরেকটি বৃহত্ রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি।
১৬.০৬.২০১৫ 