ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৫২:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরান বিরোধী পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের বিরুদ্ধে যেকোনো ‘সামরিক ব্যবস্থা’ নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক যখন তিক্ততার সর্বোচ্চ মাত্রায় অবস্থান করছেন তখনই এমন সতর্কতা জানালো ইইউ।

স্থানীয় সময় সোমবার বিকেলে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ সতর্কবাণী উচ্চারণ করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। তিনি বলেন, সামরিক দিক দিয়ে যেকোনো পদক্ষে নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার তার নির্ধারিত মস্কো সফর বিলম্বিত করে ব্রাসেলসে ছুটে যান। কিন্তু সেখানে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেননি; এমনকি তারা তার সঙ্গে ছবি তুলতেও রাজি হননি। শেষ পর্যন্ত মোগেরিনি একাই পম্পেওর সঙ্গে বৈঠক করেন ও ফটোসেশনে অংশ নেন।

বৈঠকের পর মোগেরিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পম্পেওকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা একটি স্পর্শকাতর নাজুক সময় অতিক্রম করছি। ইউরোপীয় ইউনিয়ন সব সময় সংলাপ ও কূটনৈতিক উপায়ে সব সমস্যার সমাধানে বিশ্বাসী। ইরানের ক্ষেত্রেও একই কাজ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছেন মাইক পম্পেওকে তার মূল হোতা বলে মনে করা হয়। এছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এরই মধ্যে আরব উপসাগরে বিমানবাহী রণতরী এবং কাতারে শক্তিশালি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে ইরানকে হুমকি দিতে বা প্রয়োজনে হামলা করার উদ্দেশ্যেই এসব পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।

-জেডসি