গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার নাইম হোসেন (২২) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার কুশলাথ গ্রামের নাইম গত শনিবার সকালে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলতে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ভয়ভীতি দেখান তিনি। পরদিন ওই ছাত্রী তার মায়ের কাছে সব বলে দেয়। পরে ছাত্রীটির বাবা গ্রাম্য মাতব্বরদের বিষয়টি জানান। ঘটনা শুনে মাতব্বরেরা একাধিকবার সালিসের তারিখ নির্ধারণ করেন। কিন্তু নাইমের পরিবার সালিসে না বসে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে গতকাল বিকেলে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলা হওয়ার পর নাইম আত্মগোপন করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষার জন্য প্রতিবন্ধী শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
১৯.০৬.২০১৫ 