মালালাকে নিয়ে তথ্যচিত্র ‘হি নেমড মি মালালা’ মুক্তি পাবে অক্টোবরে
প্রকাশিত : ১২:১৮ পিএম, ২১ জুন ২০১৫ রবিবার | আপডেট: ১২:১৮ পিএম, ২১ জুন ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জুন ২১ : শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘হি নেমড মি মালালা’ প্রচার করবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। আগামী অক্টোবরে ফক্স সার্চলাইট পিকচার এই তথ্যচিত্রটি মুক্তি দেবে। ১৭১টি দেশে ৪৫টি ভাষায় এটি প্রচার করা হবে। শনিবার দ্য হিন্দুর খবরে এ তথ্য জানানো হয়।
মার্কিন চলচ্চিত্র পরিচালক ডেভিস গুয়েনহেইম তথ্যচিত্রটি তৈরি করছেন। ১৫ বছর বয়সে মামলার ওপর তালিবান হামলার আগে ও পরে তার জীবন নিয়ে এ তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এ জন্য ১৮ মাস মালালা, তার বাবা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা কোর্টনি মোনরো এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা কেবল আপনাকে অবিশ্বাস্যরকম অনুপ্রাণিতই করবে না, সত্যিকারভাবে আপনাকে ভিন্নতর কিছু করতে উজ্জীবিত করবে।’
২১.০৬.২০১৫ 