ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:৫৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিব্যার ট্যুইটার অ্যাকাউন্ট উধাও 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২ জুন ২০১৯ রবিবার

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের মুখপাত্র দিব্যা স্পন্দনার ট্যুইটার অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে ৷ তার টুইটার অ্যাকাউন্ট সার্চ করলেই মিলছে অস্তিত্ব বিলোপের বার্তা৷ অর্থাৎ দিব্যার অ্যাকাউন্টটি ডিলিট করা হয়েছে৷

দিব্যা স্পন্দনার শেষ টুইট ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তাকে শুভেচ্ছা জানিয়ে স্পন্দনা লিখেছিলেন, ১৯৭০ সালে ইন্দিরা গান্ধীর পর অর্থমন্ত্রকে দায়িত্ব সামলাচ্ছেন আরও এক মহিলা। এর জন্য আমরা গর্বিত। এই মুহূর্তে দেশের জিডিপি তলানিতে। ভারতের অর্থনীতিকে তুলে ধরা প্রয়োজন। 

কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ? দিব্যা নিজেই কী এই কাজ করলেন? নাকি, দেশের মন্ত্রীকে শুভেচ্ছা জানানো কংগ্রেসের হাইকম্যান্ড মানতে পারেনি৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ এপ্রসঙ্গে কংগ্রেসের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি৷

লোকসভায় মোদী ঝডের দাপট৷ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় মোদী৷ শপথ নেওয়ার পালা শেষ করে কাজ করতে শুরু করেছে নতুন মন্ত্রিসভা৷ 

প্রত্যাশিত ফল না হওয়ায় ইস্তফা দিযতে চেয়েছিলেন হাত শিবিরের প্রধান রাহুল গান্ধী৷ পরে অবশ্য কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের দায়িত্ব নিয়ে কাজের পরামর্শ দেন তিনি৷

হারের শোক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দল৷ এই পরিস্থিতিতে কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের মুখপাত্রের অ্যাকাউন্ট ডিলিট হওয়া যথেষ্ট তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক বৈঠকে সমস্ত চ্যানেল এবং এডিটরদের অনুরোধ করেন তাদের শোয়ে কংগ্রেস প্রতিনিধিদের যেন আমন্ত্রণ না জানানো হয়। 

লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার পরই এই সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতৃত্ব। তার পরপরই দক্ষিণী অভিনেত্রী তথা কংগ্রেসের দিব্যা স্পন্দনার টুইটার অ্যাকাউন্ট ডিলিট হওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা হচ্ছে৷

ভোটের ঠিক আগেই দল ছাড়েন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। হাইকম্যান্ডের বিরুদ্ধে প্রকাশ্যে নানা কথা বলে দলের সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরই নিজের টুইটার প্রোফাইল থেকেও ‘জাতীয় মুখপাত্র, এআইসিসি’ কথাটি সরিয়ে দেন তিনি৷ পরে অবশ্য কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন প্রিয়াঙ্কা৷