ব্রিটিশ রাজবধূ মেগানকে ‘নোংরা’ বলিনি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
আজ সোমবার থেকে যুক্তরাজ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি আছে ট্রাম্পের। মঙ্গলবার তিনি বৈঠক করবেন ব্রিটেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে।
কিন্তু এর মধ্যেই গোল বেধেছে সফরের আগে সান পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে রাজবধূ মেগান মার্কেলকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে। ব্রিটেনের রাণী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারির স্ত্রী, ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেলকে ‘ন্যাস্টি’ অর্থাৎ নোংরা বলেছেন তিনি। তবে এ বিষয়ে খবর প্রকাশের পর টুইবার্তায় এমন কতা অস্বীকার করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এমন মন্তব্যের অডিও টেপ গণমাধ্যমের কাছে রয়েছে।
রবিবার টুইট করে ট্রাম্প বলেন, ‘আমি কখনোই মেগান মার্কেলকে নোংরা বলিনি। এগুলো ফেক নিউজ মিডিয়ার বানানো। সিএনএন নিউইয়র্ক টাইমস ক্ষমা চাইবে? সন্দেহ আছে।’
যুক্তরাজ্য সফরের আগে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেগান মার্কেলকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন।
সাবেক মার্কিন অভিনেত্রী মার্কেল মিস্টার ট্রাম্পের একজন কট্টর সমালোচক ছিলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি মিস্টার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিলেন। সে সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে নারী বিদ্বেষী ও বিভাজন সৃষ্টিকারী হিসেবেও মন্তব্য করেছিলেন।
দি সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেগান মার্কেলের এসব মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা জানতামনা। আমি কি আর বলতে পারি? আমি জানতামনা তিনি এমন নোংরা।’
তবে ট্রাম্প বলেছেন যে তিনি আনন্দিত কারণ মেগান মার্কেল রাজপরিবারে যোগ দিয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে মেগান ‘ভালো রাজবধূ’ হবেন। ‘এটা চমৎকার এবং আমি নিশ্চিত যে তিনি ভালো করবেন’।
প্রিন্স হ্যারির স্ত্রী, ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল মে মাসে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। এখনো তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং ৩-৫ জুন ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় তিনি তার সঙ্গে সাক্ষাত করবেন না বলেই মনে করা হচ্ছে।
-জেডসি
