ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২১:৪৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে বৃষ্টি, নদীবন্দরগুলোতে ১ নং সংকেত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

রাজধানীতে আজ সোমবার দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। প্রচন্ড গরমের পর গত তিন দিন ধরে রাজধানীসহ সারা দেশের নানা স্থানে বৃষ্টির কারণে জনজীবনে শান্তি এসেছে।

এরইমধ্যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্নস্থানে। এটা টানা ৬-৭ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে। সেক্ষেত্রে এবার ঈদের দিন সকালেও রাজধানীসহ বিভিন্নস্থানে বৃষ্টির আভাস রয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এছাড়া দেশের কোথাও কোথাও পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।