প্রধানমন্ত্রীর নির্দেশে শাহরিয়ারের বদলির আদেশ বাতিল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বিরোধী অভিযান প্রশংসিত হয়েছে।’
বিপ্লব বড়ুয়া আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বদলি সংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় এই মুহূর্তে ফিনল্যান্ড সফররত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আজ সকালে যথাযথ কর্তৃপক্ষ জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করেছেন।’
সোমবার দুপুরে একটি পাঞ্জাবির দাম পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুণ রাখায় আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। একইসঙ্গে আড়ংয়ের ওই শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই তার বদলির আদেশ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ঢাকার উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনে ন্যস্ত করা হলো। আগামী ১৩ জুন তাকে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে। নতুন কর্মস্থলে যোগ না দিলে ১৩ জুন বিকেলে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
এদিকে মঞ্জুর শাহরিয়ারের বদলির আদেশের বিষয়টি প্রকাশের পরপরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
