ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৯:১৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ৮ জুন ২০১৯ শনিবার

ত্রিদেশীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে যাত্রাবিরতি শেষে আজ শনিবার সকালে ১১টার দিকে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে পৌঁছান তিনি।

এর আগে ফিনল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দোহার উদ্দেশে হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন।

ফিনল্যান্ড সফরের আগে সৌদি আরবে তিন দিনের সফর শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন।

এ ছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন।

গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য হিসেবে জাপানের রাজধানী টোকিওতে যান প্রধানমন্ত্রী। জাপানে চারদিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষর করেন। সেখানে তিনি হলি আর্টিজান হামলায় হতাহত জাপানি নাগরিকদের পরিবার এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে পৃথক বৈঠক করেন।