ঢাকায় উইকিমিডিয়ার প্রতিনিধি ক্যারোলিন
প্রকাশিত : ০৯:২৩ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫০ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকাঃ ঢাকায় এসেছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল কর্মসূচি বিভাগের পরিচালক ক্যারোলিন স্লোয়েডার৷ এ কর্মসূচির অংশহিসেবে উইকিপিডিয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য চালু করেছে 'উইকিপিডিয়া জিরো' প্রকল্প৷ এতে উইকিপিডিয়া ব্যবহার করা যায় বিনা মূল্যে৷ বাংলাদেশেও চালু হয়েছে এ প্রকল্প৷ এ বিষয়ে সামগ্রিক অবস্থা জানতে গত সোমবার ঢাকায় এসেছেন ক্যারোলিন৷ ১৪ নভেম্বর পর্যন্ত থাকবেন৷ এ সময়ে তিনি ঢাকায় উইকিপিডিয়া জিরো প্রকল্পের সঙ্গে জড়িত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন৷ বর্তমানে ২৮৫টি ভাষায় প্রকাশিত ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) গত বছর উগান্ডায় চালু করে উইকিপিডিয়া জিরো প্রকল্প৷ প্রকল্পটি ইতিমধ্যে জিতেছে সাউথ বাই সাউথওয়েস্ট ২০১৩ পুরস্কার৷ এ সেবা m.wikipedia.org এবংzero.wikipedia.org সাইট ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা পেয়ে থাকেন৷ বাংলাদেশে বর্তমানে বাংলালিংক, গ্রামীণফোন, রবি উইকিপিডিয়া জিরো প্রকল্পের সহযোগী৷ ১৪ নভেম্বর'২০১৩
