বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে মা ও শিশুর রক্ষা
প্রকাশিত : ১০:২১ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:২১ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : কলম্বিয়ার গহীন জঙ্গলে দিন কয়েক আগের বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক মা ও শিশু। বুধবার তাদের জীবিত উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ একে অলৌকিক হিসেবে বর্ণনা করেছে।
কলম্বিয়ার গহীন জঙ্গলে শনিবার সেসনা ৩০৩ বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের কাছ থেকে নেলি মুরিলো (১৮) ও তার এক বছরের কম বয়সী সন্তানকে উদ্ধার করা হয়। মা ও সন্তানকে যেদিন উদ্ধার করা হয় সেদিনই ছিল উদ্ধারকর্মীদের কাজের শেষ দিন।
কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্ণেল হেক্টর ক্যারাসকাল বলেন, এটি অলৌকিক। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ এবং এটি খুবই গহীন জঙ্গল এলাকা।
তিনি আরো বলেন, মায়ের প্রাণশক্তিই সন্তানকে বাঁচিয়ে রেখেছে।
ক্যারাসকাল জানান, মুরিলো ও তার সন্তান সামান্য আহত হয়েছে। তাদেরকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য বিমান বিধ্বস্ত হওয়ায় এর পাইলট ক্যাপ্টেন কার্লোস মারিও সেবালস নিহত হয়েছে। বিমানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
২৫.০৬.২০১৫ 