উত্তরায় নালা থেকে নারীর লাশ উদ্ধার
প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ১০:৪৪ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর উত্তরা এলাকায় পয়ঃনিষ্কাশনের নালা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিঞা উইমেননিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের পাশে নালায় লাশটি পাওয়া যায়।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরনে চেক সালোয়ার কামিজ ছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ।
“সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওখানে ফেলে গেছে খুনীরা,” বলেন ওসি।
তিনি জানান, নালার মধ্যে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
২৬.০৬.২০১৫
