ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৪:৩৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও বাড়ল গ্যাসের দাম 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার

গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধি করে গৃহস্থালিতে এক চুলা ৯২৫ টাকা ও দুই চুলা ৯৭৫ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩২.৮ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হলো। আগামীকাল মঙ্গলবার ১ জুলাই থেকে গ্যাসের নতুন দাম কার্যকর করা হবে জানানো হয়েছে।

আজ রোববার বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।  এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশায় ব্যবহৃত সিএনজি’র দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ৪৩ টাকা। এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে হোটেল ও রেস্টুরেন্টের জন্য প্রতি ঘনমিটার ২৩ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ১৭ টাকা ৪ পয়সা।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস প্রতি ঘনমিটার ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ টাকা ৮৫ পয়সা, সার কারখানায় ৪ টাকা ৪৫ পয়সা এবং শিল্প কারখানা ও চা বাগানে ১০ টাকা ৭০ পয়সা করা হয়েছে প্রতি ঘনমিটার গ্যাসের দাম। এছাড়া মিটারভিত্তিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার করা হয়েছে ১২ টাকা ৬০ পয়সা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্যাস বিতরণ কোম্পানিগুলো কমিশনের কাছে গড়ে ১০২ ভাগ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে মার্চ মাসে গণশুনানি করে কমিশন। শুনানির ৯০ দিনের মধ্যে দামের বিষয়ে ঘোষণা দেয়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই রোববার বিকেলে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো।