ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এমন খবরের অপেক্ষায় ছিলাম: মিন্নি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ডের নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রকাশ্যে কুপিয়ে হত্যার শিকার রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তিনি বলেছেন, ‘নয়ন বন্ডের নিহত হওয়ার খবর শুনে আমার খুব ভালো লাগছে। বিচারের জন্য আমাকে আর অপেক্ষা করতে হলো না। এজন্য আল্লাহার কাছে শুকরিয়া আদায় করেছি।’

মঙ্গলবার সকালে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়নের বন্দুকযুদ্ধের নিহত হওয়ার পরই এমন প্রতিক্রিয়া জানান মিন্নি।

গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারী নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি।

গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান রিফাত।

ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন আটজন। তবে মামলার মূল আসামি নয়ন বন্ড, রিফাত ফরাজী এবং রিশান ফরাজী ধরাছোঁয়ার বাহিরে ছিল। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড আজ সকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

স্বামীকে হত্যার মূল আসামির মৃত্যুর খবর শোনার পর মিন্নি বলেন, ‘আমার চোখের সামনে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদের অন্যতম একজন নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমি এতে অনেক খুশি হয়েছি।’

তিনি বলেন, সরাসরি যারা অংশগ্রহণ করে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদেরও আমি এমন শাস্তি চাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করেছেন।

-জেডসি