নিউইয়র্কে স্পিকার : উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করার আহ্বান
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জেন্ডার সমতা নিশ্চিত করতে সকল ধরনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন৷ নিউইয়র্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত নারী স্পিকারদের অষ্টম সভার দ্বিতীয় পর্বে সভাপতির বক্তৃতায় আজ তিনি এ আহবান জানান৷
শিরীন শারমিন বলেন, সমতাভিত্তিক উন্নয়ন, জেন্ডার সমতা এবং সুশাসন টেকসই উন্নয়নের পূর্বশর্ত৷ জেন্ডার সমতার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেয়া প্রয়োজন৷ এক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়৷ সবক্ষেত্রে নারীর অংশগ্রহণও নিশ্চিত করতে হবে৷ নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ সংসদ-সদস্যগণ তাদের নির্বাচনী এলাকায় নারীদের সমস্যাগুলো চিহ্নিত করে সংসদে তুলে ধরতে পারেন৷ তারা উন্নয়নমূলক কর্মকান্ড, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ ও আয়ের নিয়ন্ত্রণে নারীদের সমান সুযোগ সৃষ্টি করতে পারেন৷
তিনি বলেন, জেন্ডার বিষয়টি একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়৷ এক্ষেত্রে বৃহত্তর গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়া প্রয়োজন৷ নারীর গৃহস্থালির সকল কর্মকান্ডের স্বীকৃতি দেয়া হয় না৷ গৃহস্থালিতে তাদের মজুরীবিহীন কাজকর্মকে তারা নিয়তি হিসেবে মেনে নেয়৷ তবে মজুরীযুক্ত কর্মকান্ডে অংশগ্রহণ নারীদের ক্ষমতাসীন করে৷ আয় ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ নারীর ক্ষমতায়নকে সমপ্রসারিত করে৷
স্পিকার বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের ভাল থাকা পরস্পর সম্পর্কযুক্ত৷ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর যে ভূমিকা তা সর্বক্ষেত্রে পরিস্ফূটিত নয়৷ আসন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজিস) এ বিষয়গুলো পরিস্ফূটিত হওয়া প্রয়োজন বলে তিনি মত দেন৷
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর সমান সুযোগ ও অধিকার স্বীকতৃ হওয়া প্রয়োজন উল্লেখ করে স্পিকার বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নারীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে৷ রাজনৈতিক নেতৃত্ব, আমলাতন্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে নারীর স্থান করে দিতে হবে৷ সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীকে সুযোগ করে দিতে হবে৷ রাজনৈতিক ইচ্ছা থাকলে তা সহজেই সম্ভব৷ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশকে রোল মডেল বলেও তিনি উল্লেখ করেন৷
১৪ নভেম্বর'২০১৩
