ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১০:৩৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, সোমবার সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দুপুরে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এরআগে ফ্লাইটটি আজ স্থানীয় সময় সকালে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর ত্যাগ করে।

চীনে পাঁচ দিনের সরকারি সফরের বিষয়ে আগামী সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সোমবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় মিডিয়া ব্রিফিং শুরু হবে। ’

এদিকে চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ে যোগদান করেন এবং ‘কোঅপারেশন ইন দি প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

চীনের প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং’র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারকে বোঝানোর বিষয়ে বেইজিং ঢাকাকে আশ্বস্ত করে।

দীর্ঘায়িত রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এতে কোন সন্দেহ নাই যে, এটা (রোহিঙ্গা সমস্যা) বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা।’

তিনি এই সমস্যা দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে নিজস্ব অভিমত ব্যক্ত করে এ বিষয়ে চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।

বেইজিংয়ে অবস্থানকালিন শেখ হাসিনা কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সঙ্গ তায়ো’র সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সিপিসি মিনিস্টার প্রলম্বিত রোহিঙ্গা সমস্যাটি সমাধানের বিষয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূকী এবং অন্যান্য মিয়ানমারের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর দলের আলোচনার বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্থ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা এবং বেইজিং’র মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়। ৪ জুলাই চীনা প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন সিপিসি’র কার্যালয় গ্রেট হল অব দ্যা পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কেকিংয়াং এর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে শেষে দুই নেতার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

যার মধ্যে রয়েছে- রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য এলওসি (লেটার অব এক্সচেঞ্জ) এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, বিনিয়োগ, বিদ্যুৎ, সংস্কৃতি এবং পর্যটন সংক্রান্ত চুক্তি ও সমঝোতা স্মারক ।

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য সংক্রান্ত এলওসি’র আওতায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য চীন ২ হাজার ৫শ’ মেট্রিক টন চাল সরবরাহ করবে বলে পররাষ্ট্র সচিব জানান।