ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১০:৩৭:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই মাসে বজ্রপাতে নারী-শিশুসহ ১২৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের মে ও জুন মাসে বজ্রপাতে সারাদেশে ১২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ দুই মাসে বজ্রাঘাতে আহত হয়েছেন ৫৩ জন। নিহতদের মধ্যে ২১ জন নারী, সাতজন শিশু এবং ৯৮ জনই পুরুষ।

এর মধ্যে মে মাসে নিহত হয়েছে ৬০ জন এবং জুন মাসে ৬৬ জন। মে মাসে নারী নয়জন, শিশু তিনজন এবং ৪৮ জন পুরুষ নিহত হয়েছেন। একই সঙ্গে মে মাসে আহত হয়েছেন ২৮ জন। জুন মাসে মোট নিহত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে নারী ১২ জন, শিশু চারজন এবং ৫০ জন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে বজ্রাঘাতে মোট ২৫ জন আহত হয়েছেন।

সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামের একটি বেসরকারি সংস্থার জরিপে উঠে এসেছে এসব তথ্য। সংস্থাটি ১০টি জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকা, কয়েকটি অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশনের স্ক্রল থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।  

সংস্থাটির জরিপ মতে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলায়। এ জেলায় গত দুই মাসে বজ্রপাতে নিহত হয়েছে ১৬ জন। এছাড়া, সাতক্ষীরা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলায় বজ্রপাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

ধান কাটার সময় বজ্রপাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। এর পর বেশি নিহত হয়েছে বৃষ্টি ও বজ্রপাতের সময় মাছ ধরতে গিয়ে। এছাড়া পর্যায়ক্রমে মাঠে গরু আনতে গিয়ে এবং টিন ও খড়ের ঘরে অবস্থান ও ঘুমোনোর সময় বজ্রাঘাতে বেশি মানুষ মারা গেছে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সময় অজ্ঞতাবসত লম্বা গাছের নিচে আশ্রয় নেয়ার সময় গাছে বজ্রপাত হওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।

গত দুই মাসে বজ্রপাতে নিহতদের মধ্যে কিশোরগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে তিনজন, রাজশাহীতে ১০ জন, চাঁপাইনবাবগঞ্জে নয়জন, পাবনায় ছয়জন, দিনাজপুরে সাতজন, নীলফামারীতে চারজন, জামালপুরে চারজন, শেরপুরে চারজন, নওগাঁয় ছয়জন, সিরাজগঞ্জে পাঁচজন, নারায়ণগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে তিনজন, খুলনায় চারজন, সাতক্ষীরায় ১১ জন ও টাঙ্গাইলে চারজনসহ বিভিন্ন জেলায় হতাহতের ঘটনা ঘটেছে।

-জেডসি