ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১০:৩৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিনভর থেমে থেমে বৃষ্টি, কালও থাকবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আজ রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামীকাল সারা দেশে হালকা-মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ জানান, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলি মিটার ) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশংকা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ আরও জানান, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তিনি জানান, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় চট্টগ্রামের সীতাকুন্ড ১০৩ মিলিমিটার, টেকনাফে ১০১ এবং বরিশালের খেপুপাড়ায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।  এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।