প্রবীণ রাজনীতিবিদ রাজিয়া ফয়েজ মারা গেছেন
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৩ শুক্রবার | আপডেট: ০৯:৪৫ এএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ রাজিয়া ফয়েজ মারা গেছেন৷ শুক্রবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান৷ তার বয়স হয়েছিলো ৭৯ বছর৷ মিত্যুকালে রাজিয়া ফয়েজ এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ তার স্বামী প্রকৌশলী আবু ফয়েজ ২০০৫ সালে মারা যান৷
পরিবার সূত্রে জানা গেছে রাজিয়া ফয়েজ দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছিলেন৷
গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়৷ শুক্রবার বেলা ৩টা ৩১ মিনিটে তিনি মারা যান৷
বাদ এশা গুলশানে আজাদ মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়৷ এর আগে সন্ধ্যায় তার মরদেহ গুলশানে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়৷
রাজিয়া ফয়েজের বাবা সৈয়দ বদরুদ্দোজার ছিলেন কলকাতা সিটি করপোরেশনের মেয়র৷ পাঁচ দশকের বেশি সময় আগে বাবা হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি৷
স্বাধীনতার আগে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রাজিয়া ফয়েজ ১৯৬১ সালে খুলনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন৷
এরপর ১৯৭৯ সালে সংসদ নির্বাচনে মুসলিম লীগ (খান এ সবুর) থেকে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হন৷ এরশাদ সরকারের সময়ে তিনি সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিশু ও মহিলা এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী হন৷
জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য থাকাকালিন ২০০৬ সালের শেষের দিকে তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন৷ গত কাউন্সিল অধিবেশনে তাকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়৷
রাজিয়া ফয়েজের মৃতু্যতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছে৷
১৫ নভেম্বর'২০১৩ 