ইঞ্জিনিয়ার প্রতীক্ষা মুম্বাইয়ের প্রথম নারী বাস ড্রাইভার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩১ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
রাস্তায় গাড়ির চালকের আসনে নারীদের দেখলে এখন অবাক হওয়ার কিছুই নেই৷ পুরুষদের হাতই শুধু স্টিয়ারিংয়ে থাকবে এমনটা ভেবে নেওয়া বোধ হয় আর ঠিক হবে না৷ এবার ভারতের মুম্বাইয়ের রাস্তায় দাপটের সঙ্গে সেই দায়িত্ব পালনের গুরুভার তুলে নিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রতীক্ষা৷
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় এখন ঘোরাফেরা করছে এই নাম৷ কারণ প্রতীক্ষা দাসই মুম্বাইয়ের প্রথম নারী ড্রাইভার৷
২৪ বছরের প্রতীক্ষা মালাডের ঠাকুর কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন৷ তবে প্রথামাফিক কাজে তিনি বিশ্বাসী নন৷ তাই জানিয়েছেন, গত ছয় বছর ধরে তিনি ড্রাইভার হওয়ারই স্বপ্ন দেখেছেন৷ তাও ছোট-খাটো গাড়ি নয়, হেভি যান, একেবারে বাস৷
বাইক দিয়ে শুরু করে, চার চাকা, সবকিছু চালালেও তাকে আকর্ষণ করেছে বাস এবং ট্রাক৷ যা চালিয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রতীক্ষা৷ যেন এই পেশাতে নিযুক্ত হওয়ারই প্রতীক্ষায় ছিলেন তিনি৷
প্রতীক্ষা জানান, ডিগ্রী অর্জন করার পর তিনি আরটিও অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন৷ তার জন্য হেভি ভেহিকলসের লাইসেন্স প্রয়োজন ছিল তার৷ যা আবশ্যিকও৷
রোডে বড় যান চালানোরই স্বপ্ন দেখেছিলেন তিনি, স্পষ্ট জানান প্রতীক্ষা৷ এখানেই শেষ নয়৷ লক্ষ্য অনেক দূর এই তরুণীর৷ বিমান চালানোর সুপ্ত বাসনা রয়েছে প্রতীক্ষার৷ আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে বেতন থেকে বড়সড় অর্থ জমিয়ে রাখবেন তিনি৷
