নওয়াজ কন্যার টিভি সাক্ষাৎকার সম্প্রচার বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
পাকিস্তানি সংবাদ চ্যানেলে নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজের সাক্ষাৎকার সম্প্রচারের শুরুতেই জোর করে প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির হাম টিভি চ্যানেলের সাংবাদিক নাদিম মালিক বৃহস্পতিবার এক টুইটে এ তথ্য জানিয়েছে। মরিয়ম পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট।
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিএমআরআরএ) আদেশে সংবাদ চ্যানেলগুলি বন্ধ করার ঘটনাকে মরিয়ম অবিশ্বাস্য ফ্যাসিবাদ এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন।
মরিয়মের সাক্ষাৎকারটি ‘প্রেস কনফারেন্স বায় মরিয়ম’ শিরোনামে চ্যানেল-২৪, আব্ব টেক এবং ক্যাপিটাল টিভি সংবাদ নামে তিনটি চ্যানেল সম্প্রচার করছিল। তবে সাক্ষাৎকারটি নাদিম মালিকের টুইটার হ্যান্ডেলে পাওয়া যায়।
সাক্ষাৎকার চলাকালে নিউজ চ্যানেল ব্ল্যাকআউটের পর দ্রুত টুইটারে হাম নিউজ একটি বিবৃতি পোস্ট করে। তারা বলেছেন, চ্যানেলটি মুক্ত ও সত্য কথা তুলে ধরার পক্ষে এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা ছাড়াও বিচার বিভাগের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা জানায়।
টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়ায় স্থানীয় কর্তৃপক্ষ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে। তারা জানায়, এই পদক্ষেপ ছিল বিপদজনক স্বৈরতান্ত্রিক প্রবণতার ইঙ্গিত। যার ফলে পাক সাংবাদিকদের উপর চাপ পড়ছে।
এর আগে ১ জুলাই পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাক্ষাৎকার সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যেই জিও নিউজ চ্যানেল থেকে তা বন্ধ করে দেয়া হয়। দেশটির সিনিয়র সাংবাদিক হামিদ মীর ওই সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন।
