গুলশানে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী গ্রেফতার
প্রকাশিত : ১১:০৪ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:০৪ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর গুলশানে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান আরা নামে এক গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) গুলশান-১’র রোড-৬, ব্লক-ই, বাড়ি-২৭ থেকে গৃহকর্ত্রী গুলশান আরাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। জানা গেছে, নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম মোর্শেদা বেগম (২৫)। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুরের দীঘলডাঙা গ্রামে। গত ছয় মাস আগে সে এ বাসায় কাজে আসে।
গৃহকর্মী মোর্শেদা জানান, ছয়মাস ধরে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেছে সে। কারণে অকারণেই গৃহকর্ত্রী তার ওপর অকথ্য নির্যাতন চালাতো।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার খবর পেয়ে গৃহকর্মী মোর্শেদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সে এখন ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন।
২৯.০৬.২০১৪ 