ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৬:২৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় টেকনাফে ১২৮ মিলিমিটার, তেতুলিয়া ৭৭ মিলিমিটার এবং দিনাজপুরে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ২৫ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।