ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২৩:২৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্কারে লড়বে নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’

বিনোদন প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

‘আলফা’ ছবির পোস্টার

‘আলফা’ ছবির পোস্টার

৯২তম অস্কার আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে বাংলাদেশের ছবি ‘আলফা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে কারওয়ান বাজারের একটি রোস্তরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অস্কারের বাংলাদেশ কমিটির প্রধান হাবিবুর রহমান হাবিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন অস্কার কমিটি বাংলাদেশ-এর সদস্য অধ্যাপক আব্দুস সেলিম, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, খোরশেদ আলম খসরু এবং নির্বাচিত ‘আলফা’ ছবির প্রযোজক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

জানা গেছে, ৯২তম অস্কার আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে জমাপরা ৩টি ছবির মধ্যে থেকে ‘আলফা’ নির্বাচন করেন ৯ সদস্য বিশিষ্ট কমিটি। অন্য ছবিগুলো হলো- মাসুম আজিজ পরিচালিত ‘সনাতনের গল্প’ এবং তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’।

এদিকে, চলতি বছরের ২৬ এপ্রিল মুক্তি পায় খ্যাতিমান নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

‘আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির। তার সঙ্গে আছেন দোয়েল ম্যাশ। আরও আছেন এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ।