ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২৩:৩১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাতায় গিয়ে জ্যোতির সিনেমা দেখলেন কবরী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার অনেক তারকাই এখন কলকাতার চলচ্চিত্রে কাজ করছেন। সেই তালিকায় যুক্ত হলেন জ্যোতিকা জ্যোতি। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির মাধ্যমে জ্যোতির অভিষেক হলো টালিউডে। তার বিপরীতে আছেন সেখানকার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য।

গেল রোববার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন। শুধু একাই দেখেননি টিকিট কিনে জ্যোতিকে তার অভিনীত ছবিটি দেখিয়েছেন জয়া।

ওইদিন হাইল্যান্ড পার্ক আইনক্সে জয়া ছাড়াও জ্যোতিকা জ্যোতির সিনেমা দেখেছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক। এবার জ্যোতির সিনেমা দেখলেন বাংলাদেশের কিংবদন্তি নায়িকা সারাহ বেগম কবরী।

জ্যোতিকা কলকাতা থেকে ফেসবুকে কবরীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা আমার সৌভাগ্যই। ঘটনাচক্রে তিনিও দেখে ফেললেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বাংলাদেশে যার হাত ধরে আমার পর্দায় অভিষেক, ভারতের অভিষেকেও তাকে পাশে পেলাম। কিংবদন্তী কবরী।’

২০০৫ সালে কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন জ্যোতিকা জ্যোতি। এরপর তিনি অভিনয় করেছেন বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ও ‘জীবনঢুলী’এবং মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচীর একদিন’ ছবিতে।

নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে কলকাতার ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজের ইচ্ছা প্রকাশ করেছেন জ্যোতি।  

-জেডসি