ঢাকায় বলিউড অভিনেত্রী সুস্মিতা
বিনোদন প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে ঢাকায় পৌঁছেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছান এ তারকা। তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজনের জনসংযোগ কর্মকর্তা মাসুদ হাসান।
এদিকে আজ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা সেন বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দিবেন। সেরা দশ প্রতিযোগী আজকের এই চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, সেরা দশে আছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ জেসিয়া ইসলাম, শিরিন শিলা, তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোয়ার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল আসরে। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে এই আসর।
উল্লেখ্য, বিচারক হিসেবে আরো থাকবেন সংগীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টুটলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।
-জেডসি
