ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:৫৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট জিতলেন জ্যামাইকার টনি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট জিতলেন জ্যামাইকার টনি

‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট জিতলেন জ্যামাইকার টনি

এবারের মিস ওয়ার্ল্ড ২০১৯’র সেরার মুকুট উঠেছে জ্যামাইকান সুন্দরী টনি-অ্যান সিং এর মাথায়। শনিবার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি।

লন্ডনের এক্সেল অ্যারেনাতে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জমকালো আসর বসে। প্রতিযোগিতার নজর কাড়া অনুষ্ঠানে টনি-অ্যান সিংয়ের মাথায় নীল রঙা মুকুটটি পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মেক্সিকোর ভ্যানেসা পন্সে।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন ফ্রান্সের অফেহলি মেজিনো। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের রাজস্থানের মেয়ে সুমন রায়। শীর্ষ পাঁচ প্রতিযোগী প্রতিযোগিতার শেষ পর্ব; প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ব্রিটিশ ব্রডকাস্টার পাইরেস মরগান এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তিনিই ফাইনালিস্টদের প্রশ্ন করেন।

‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ এই প্রতিযোগিতার ৬৯তম সংস্করণ। ১২০ দেশের প্রতিযোগীরা এই মুকুটের জন্য লড়াই করেছেন। নভেম্বরের ২০ তারিখে লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। নানা রকমের টাস্ক সম্পন্ন করার পর ১০ জনকে ফাইনালের জন্য মনোনীত করা হয়।

২৩ বছর বয়সী টনি-অ্যান সিং চতুর্থ জ্যামাইকান যিনি এই মুকুটের মালিক হয়েছেন। এর আগে ১৯৬৩, ১৯৭৬, ১৯৯৩ সালে জ্যামাইকা থেকে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিল। হিসেব মতে, ২৬ বছর পর মিস ওয়ার্ল্ডের মুকুট জ্যামাইকানের মাথায় শোভা পেল।

ফ্লোরিয়া স্টেট ইউনিভার্সিটি পড়ুয়া এই মিস ওয়ার্ল্ড, মনোবিজ্ঞানের ছাত্রী। স্বপ্ন তার চিকিৎসক হওয়ার। তিনি জানিয়েছেন, অবসর তার গান শুনেই কাটে। তবে রান্নাটাও টনি-অ্যান সিংয়ের বেশ পছন্দের। সময় পেলেই এটা-সেটা রেঁধে ফেলেন তিনি।

এ বছর চূড়ান্ত পর্বে উঠে আসে বিশ্বজুড়ে সেরা ৪০ সুন্দরীর নাম। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা বিশ্ব থেকে মোট ১১১ জন সুন্দরী।

এবারের মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন রাফিয়া নানজিবা তোরসা। তবে সেরা ৪০-এ ঠাঁই হয়নি তোরসার।