জয়া আহসানের প্রশংসায় প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো জুটি বেঁধে ‘রবিবার’ নামে একটি সিনেমাতে কাজ করেছেন দুই বাংলার দুই মহাতারকা প্রজেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। আজ শুক্রবার পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত সেই ছবি। একই সাথে মুক্তি পেয়েছে বাংলাদেশের কয়েকটি প্রেক্ষাগৃহেও।
এই ছবি নিয়ে সদ্য ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে হাজির হন সিনেমাটির প্রধান দুই চরিত্র জয়া ও প্রসেনজিৎ দুজনেই। সেখানে ছবির নানা দিক নিয়ে কথা বলার পাশাপাশি তারা একে অপরের প্রশংসায় মেতে ওঠেন।
সাক্ষাৎকারে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে বুদ্ধিমতি ও প্রফেশনাল উল্লেখ করে ‘বুম্বাদা’ খ্যাত টলিউড কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, জয়ার বৃদ্ধিমত্তা ও প্রফেশনালিজমের সঙ্গে যোগ করতে হবে ওর ডিগনিটি। ওর এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, প্রসেনজিত সম্পর্কে জয়া বলেন, বুম্বাদা এমন একজন মানুষ, যিনি স্টার হয়ে প্রফেশনাল ডিজাইনের বাইরে এসে সামনে দাঁড়ান। যেন আজ থেকে প্রথম চরিত্র হয়ে উঠলেন। অতনুদা (পরিচালক) চাইলে দুমড়েমুচড়ে কাদার তাল বানিয়ে দিতে পারেন এই ম্যাজিকাল মানুষটাকে। বুম্বাদার জন্য আমিও এত সাবলীলভাবে অভিনয় করতে পারলাম।
তবে তাকে ও প্রসেনজিৎকে জুটি বলতে নারাজ ‘রবিবার’-এর নায়িকা জয়া আহসান। তার কথা, জুটি না বলে আমি নিজেকে বুম্বাদার সহ-অভিনেতা বলতে চাই। ‘রবিবার’-এ নায়ক-নায়িকা নেই। শুধু দুটি চরিত্র আছে। এভাবেই ছবিকে দেখতে হবে।
তবে খুব সহজে আর জয়ার সঙ্গে অভিনয় করবেন না বলে জানান প্রসেনজিৎ। বলেন, দর্শক রবিবার ছবিটা দেখুক। জয়া ও প্রসেনজিৎকে মনে ধারণ করুক, আমাদের মনে রাখুক। দর্শক আমাদের খুঁজুক। তাদের মধ্যে খিদে তৈরি হোক, তারপর দেখা যাবে।
-জেডসি
