ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:৫৫:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিনোদন জগৎ : বছরের আলোচিত কিছু ঘটনা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

বিনোদন জগৎ : বছরের আলোচিত কিছু ঘটনা

বিনোদন জগৎ : বছরের আলোচিত কিছু ঘটনা

চলচ্চিত্র ও নাটকের দর্শক এবং গানের শ্রোতা কমলেও বিনোদন অঙ্গনে আলোচিত ঘটনার শেষ নেই। বছর শেষে ২০১৯ সালের আলোচিত ঘটনা থেকে বাছাই করে কয়েকটি ঘটনা তুলে ধরা হলো।

মিথিলা-সৃজিতের বিয়ে : সবকিছু মিলিয়ে মিথিলা ছিলেন এ বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার তোলা বেশকিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেন এই অভিনেত্রী। এছাড়া কলকাতার পরিচালক সৃজিতের সঙ্গে প্রেমের খবর নিয়ে শিরোনামে এসেছেন তিনি। সবশেষ তিনি পরিচালক সৃজিতকে বিয়ে করে আসেন আলোচনায়। ৬ ডিসেম্বর বিয়ে করেন মিথিলা-সৃজিত।

চার বছর পর মম-এর বিয়ের খবর : চার বছর আগেই অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন বিয়ে করেছেন। তবে তারা তা প্রকাশ করেছেন এ বছর তাদের বিয়েবার্ষিকীতে। এই জুটি বিয়ে করেছেন ২০১৫ সালের ২০ নভেম্বর। মম ও শিহাব একসঙ্গে টেলিভিশনে অনেক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পাশাপাশি এই নির্মাতার একমাত্র সিনেমা ‘ছুঁয়ে দিল মন’-এর নায়িকাও মম।

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠানে জয়া : নতুন নতুন চলচ্চিত্র উপহার দিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা জয়া আহসান। এর বাইরে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের উদ্বোধনীতে বাংলাদেশের হয়ে মাতিয়েছেন তিনি। লন্ডনে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছের দেশের জনপ্রিয় এ অভিনেত্রী। বাকিংহাম প্যালেসের সামনের সড়কে জয়া আহসান ব্যাট হাতে ক্রিকেটও খেলেছেন। তাদের ক্রিকেট খেলার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী : এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচিত হন মিশা সওদাগর। মৌসুমী প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনের দিন ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর রটায় মৌসুমীই হতে যাচ্ছেন সভাপতি। কিন্তু না, দিন শেষে ভোটের পর ফল হয়ে যায় উল্টো, নির্বাচিত হন মিশা সওদাগর। অভিনেত্রী হিসেবে মৌসুমী আলোচনায় না থাকলেও নির্বাচন করে তিনি ছিলেন আলোচনায়।

সিমলাকে নিয়ে সমালোচনা : জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সিমলা। দীর্ঘদিন তিনি ছিলেন আলোচনার বাইরে। এ অভিনেত্রীকে দেখা যায়নি নতুন কোনো চলচ্চিত্রে। চলচ্চিত্র দুনিয়ার আড়ালে থাকলেও বিমান ছিনতাইয়ের নায়ক পলাশের সঙ্গে তার সখ্য, বিয়ে ও ডিভোর্স নিয়ে নতুন করে আসেন আলোচনা-সমালোচনায়। গত ২৪ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ আহমেদ বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে যৌথ বাহিনীর প্যারা কমান্ডো টিমের অভিযানে মারা যান পলাশ আহমেদ। এ ঘটনার পরই জানা যায়, নায়িকা সিমলার বর ছিলেন পলাশ। বিয়ের ৯ মাস পর তাদের নাকি ডিভোর্সও হয়।

স্বামীর বিরুদ্ধে মিলার মামলা : দুই বছর আগে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ হয় সঙ্গীতশিল্পী মিলার। তবে এ বছর ১৬ এপ্রিল স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তিনি। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি। তবে তার বিরুদ্ধে অ্যাসিড হামলার মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগ এনে পাল্টা মামলা ঠুকেন সানজারি।

পরীমনির বাগদান ভেঙেছে : সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান ভাঙেন চিত্রনায়িকা পরীমনির। পারিবারিকভাবে তাদের বাগদান হলেও, জুনেই তাদের বাগদান ভেঙ্গে দেন পরী। দুই বছর ধরে প্রেম করে চলতি বছরই বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সেরেছিলেন পরীমনি। কথা ছিলো, আগামী বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তামিম হাসান একটি জাতীয় দৈনিকের বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপকও তিনি।