ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:৫৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাহনাজ রহমতুল্লাহ’র জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

শাহনাজ রহমতুল্লাহ’র জন্মদিন আজ

শাহনাজ রহমতুল্লাহ’র জন্মদিন আজ

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ'র জন্মদিন আজ। তিনি দেশাত্মবোধক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়।

প্রথম তিনটি গান বিবিসির এক জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়।

শাহনাজ বেগম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এম ফজলুল হক ও মায়ের নাম আসিয়া হক। শাহনাজের ভাই আনোয়ার পারভেজ সুরকার ও সঙ্গীত পরিচালক এবং আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। তিনি গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।

১৯৬৩ সালে ১০ বছর বয়সে ‘নতুন সুর’ নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ১৯৬৪ সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচী টিভিসহ উর্দু ছবিতেও গান করেছেন।

শাহনাজ রহমতুল্লাহর চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এই শিল্পীর গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এক নদী রক্ত পেরিয়ে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমায় যদি প্রশ্ন করে-ইত্যাদি।

শাহনাজ রহমতুল্লাহ ১৯৭৩ সালে আবুল বাশার রহমতুল্লাহকে বিয়ে করেন। এই দম্পতির এক কন্যা ও এক পুত্র রয়েছে। তারা হলেন নাহিদ রহমতউল্লাহ এবং একেএম সায়েফ রহমতউল্লাহ।

তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী (১৯৯০), একুশে পদক (১৯৯২), বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বাচসাস পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

শাহনাজ রহমতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ২৩ মার্চ ঢাকার বারিধারায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।