চুরির অভিযোগে দীপিকার বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০২ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘ছপাক’। এই ছবির প্রযোজকও এই অভিনেত্রী, আর পরিচালক হচ্ছেন মেঘনা গুলজার। কিন্তু, মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে ছবিটি। আরেক প্রযোজক রাকেশ ভারতী গত শনিবার দীপিকা ও মেঘনার নামে স্বত্ত্বভঙ্গের অভিযোগ দায়ের করেছেন ভারতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। রাকেশ ভারতীর অভিযোগ, ছাপাকের স্ক্রিপ্ট তার। সেখান থেকে চুরি করে এই ছবি তৈরি করা হয়েছে।
রাকেশ ভারতীর দাবি, অ্যাসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে তিনি এবং তার ছেলে প্রথম পরিকল্পনা করেছিলেন। ২০১৫ সালের মে মাসে ‘ব্ল্যাক ডে’ নামে একটি ছবি তারা রেজিস্ট্রেশনও করান।
তিনি আরো বলেন, একাধিক অভিনেতার সঙ্গে এই ছবি নিয়ে কথা বলেছেন তিনি। সে তালিকায় আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কঙ্গনা রানাওয়াত। এছাড়া, ছবির প্রযোজনা করার জন্য ফক্স স্টার স্টুডিওর সঙ্গেও নাকি তার কথা হয়েছে।
রাকেশ জানান, ফক্স স্টার স্টুডিওতে তিনি তার চিত্রনাট্য জমা করেছিলেন। এমনকী কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মসের সঙ্গেও কথা হয়েছিল। এরা অনেকেই ছবিটি তৈরির আগ্রহ দেখিয়েছিলেন।
তার অভিযোগ, সেখান থেকেই কেউ চিত্রনাট্যে কিছু পরিবর্তন করে সেটিকে ‘ছপাক’ নামে বিক্রি করে দেয়। যদিও দীপিকা বা ‘ছপাক’ টিমের কেউই এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ছবিটির সহ-প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও, দীপিকার কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মস।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে বাস্তবের অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। তার সঙ্গে ছবিতে দেখা যাবে বিক্রান্ত মাসিকে। ২০১৮ সালে ‘পদ্মাবত’ মুক্তি এবং রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর এটি দীপিকার প্রথম ছবি।
-জেডসি
