ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১১:০৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টম অ্যান্ড জেরির খুনসুটির ৮০ বছর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টম অ্যান্ড জেরি। ৯০ দশকের শিশুদের সামনে এই কার্টুনটি না চললে যেন মুখ গম্ভির করে বসে থাকতো তারা। আর এখানে একটি বিড়াল এবং ইঁদুরের কাহিনী যেন উপভোগ করতেন সবাই। বোকা বাক্সে এটির প্রচার মানেই সবার ঠোঁটের কোণায় এক চিলতি হাসি।

বিড়াল যে ইঁদুরের জম তা সবার জানা। কিন্তু ইঁদুরও যে বিড়ালকে নাজেহাল করতে পারে তা হয়ত জানা যেত না জেরির আবির্ভাব না হলে। আজ থেকে প্রায় আশি বছর আগে শুরু হয়েছিল এই ‘টম আর জেরির’ লড়াই, এখনো চলছে।

যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জেরিকে বাড়ি থেকে তাড়াতে নানা ফন্দিফিকির করে টম। কিন্তু সব চেষ্টা মাটি করে দেয় ইঁদুরটি। সারাক্ষণ একজন আরেকজনের পেছনে লেগে থাকে, আবার বেশিক্ষণ আলাদাও থাকতে পারে না!

এমনি এক মধুর সম্পর্ক এই দুই প্রাণীর। এই খুনসুটি কখনো কখনো সহিংসতার পর্যায়ে চলে যায়। তবে কার্টুনের জগতে কেউ মরে না। হাতুরির আঘাতে চিড়ে চ্যাপটা হয়ে যাওয়া টম দিব্যি বেঁচে উঠে আবার জেরিকে তাড়া করে। এখানে মৃত্যুও হয়ে ওঠে হাসির খোরাক!

কার্টুন জগতের অনন্য এই দুই চরিত্র নিয়ে ১০ ফেব্রুয়ারি ১৯৪০ সালে যাত্রা শুরু করে ‘টম অ্যান্ড জেরি’। পরিচালক ছিলেন উইলিয়াম হ্যানা, জোসেফ বারবারা ও রুডলফআইসিং।

এই কার্টুনের নির্মাতা উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারা কাজ করতেন প্রযোজক সংস্থা এমজিএম’এর অ্যানিমেশন বিভাগে। অন্যান্য অ্যানিমেশন স্টুডিও পর্কি পিগ ও মিকি মাউসের মত সফল কার্টুন তৈরি করতে পারলেও এমজিএম তখনো সাফল্যের মুখ দেখেনি।

অনেকটা বিরক্ত হয়েই ৩০ বছরের কম দুই নির্মাতা ভিন্ন কিছু করার চিন্তা করেন। বারবারা প্রস্তাব করেন ইঁদুর ও বিড়ালের প্রতিদিনের খুনসুটির কাহিনী নিয়ে অ্যানিমেশন তৈরি করার, যদিও তার আগে অসংখ্যবার এই পটভূমিতে কার্টুন তৈরি করা হয়েছে।

১৯৪০ সালে তারা প্রথমবার প্রকাশ করেন ‘পুস গেটস দ্য বুটস’। অভিষেক ছবিটি সফলতা পায় এবং নির্মাতা স্টুডিও সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম বিভাগে অস্কার মনোনয়ন পায়। তবে যেই দু’জন অ্যানিমেটর ছবিটি তৈরি করেন তাদেরকে কোনো কৃতিত্ব দেয়া হয়নি।

কার্টুনের চরিত্রদের সব কার্যকলাপকে ফুটিয়ে তোলে স্কট ব্র্যাডলির আবহ সঙ্গীত আর টমের প্রায় মানুষের মত চিৎকারের পেছনে কণ্ঠ দেন হ্যান্না নিজে। পরের দুই দশকে প্রায় ১০০টি ছোট পরিসরের কার্টুন তৈরির পেছনে ছিলেন হ্যান্না ও বারবারা। প্রতিটি পর্ব তৈরি করতে কয়েক সপ্তাহ লাগতো এবং প্রায় ৫০ হাজার ডলার খরচ হতো। কাজেই প্রতিবছর হাতে গোনা কয়েকটি পর্বই তৈরি করা সম্ভব হতো।

সমৃদ্ধ হাতে আঁকা অ্যানিমেশন ও সূক্ষ্ম খুঁটিনাটি সহ দৃশ্যপট থাকায় সারা বিশ্বেই এই ‘টম অ্যান্ড জেরি’র সর্বশ্রেষ্ঠ কার্টুন চিত্র। হলিউড ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সাতটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পায় এই ফিল্মগুলো।

হ্যানা মারা যান ২০০১ সালে আর বারবারা ২০০৬ সালে। বর্তমানে এই কার্টুনের স্বত্বাধিকারী ওয়ার্নার ব্রাদারস। এই বছরের ক্রিসমাসের আগেই আবার পর্দায় আসছে ‘টম অ্যান্ড জেরি’।

-জেডসি