মিমির নতুন প্রকল্প ‘সুকন্যা’
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
মিমি চক্রবর্তী।
মেয়েদের কেবল আত্মরক্ষায় সাবলীল হয়েই থেমে থাকলে চলবে না, স্বাস্থ্যতেও সমান নজর দিতে হবে। এমনটাই মনে করেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নিজের ভাবনাকে বাস্তব চেহারা দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন তিনি। স্কুল থেকেই যেন মেয়েরা তাদের ঋতুচক্র সংক্রান্ত বিষয়ে সচেতন থাকে, সেখানেই যেন তারা এ বিষয়ে যথাযথ শিক্ষা পায়—সে জন্যই মিমির ‘সুকন্যা’ প্রকল্প।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্কুলে মিমির উদ্যোগে মেয়েদের আত্মরক্ষার পাঠ শেখানো হচ্ছে বেশ কিছু দিন ধরে। সেখানে কিক বক্সিং থেকে ক্যারাটে—সব কিছুই শেখানো হয়। উদ্দেশ্য, মেয়েরা যাতে যে কোনও পরিস্থিতিতেই নিজেদের সুরক্ষিত রাখতে পারে। এবার তার সঙ্গে তিনি জুড়ে দিলেন ‘সুকন্যা’কে। মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ।
বৃহস্পতিবার সোনারপুরের অতুলকৃষ্ণ বিদ্যায়তনে একটি আলোচনাসভা হয়। সভায় যৌনাঙ্গে সংক্রমণসহ নানাবিধ স্ত্রীরোগ সম্পর্কে আলোচনা করা হয়। সাংসদের উদ্যোগে আয়োজিত ওই আলোচনাসভা থেকেই মিমির কাছে বিভিন্ন স্কুলে ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই তার কেন্দ্রের বিভিন্ন স্কুলে ওই মেশিন বসে গিয়েছে।
তিনি জানিয়েছেন, অন্যান্য স্কুলেও ওই মেশিন বসানো হবে। ঋতুচক্র বিষয়টিকে আজও সমাজ কালো প্যাকেটে বন্দি করে রাখে।সাংসদ মিমি চাইছেন তা নিয়ে সরাসরি কথা হোক।
