ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৭:০৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অপুর সাতকাহন

ফিচার ডেস্ক

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

অবন্তি বিশ্বাস অপু (যিনি অপু বিশ্বাস নামেই পরিচিত) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। অপু বিশ্বাসের জন্ম বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকায়। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল এসওএস হারম্যান মেইনার।

তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা-মায়ের যৌথ উৎসাহেই মূলত: নাচ শিখতে শুরু করেন। হাতেখড়ি বুলবুল ললিতকলা একাডেমীতে। তারপর শিল্পকলা একাডেমী এবং সবশেষে নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম হন। অপু ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৭ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান অপু বিশ্বাস। তখনো অপু জানতেন না, ছবিটিতে তাঁর সহশিল্পী তাঁরই প্রিয় নায়ক শাকিব খান! মায়ের পছন্দের নায়ক রাজ্জাক ছবিটিতে কাজ করছেন জেনে সানন্দে রাজি হয়ে যান অপু। ছবির সেটে শাকিবের সঙ্গে অপুর প্রথম দেখা হয়।

সেই থেকে চলচ্চিত্রে অপুর পথচলা। তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে শাকিবের সঙ্গে প্রথম দেখার সেই গল্পের স্মৃতিচারণ। করে বলেছিলেন, ‘আমি তখনো স্কুলের ছাত্রী। শাকিব খানের “সুভা” ছবিটি দেখি। এই ছবিতে নায়ক শাকিব খানকে দেখে বেশ ভালো লাগে। এরপর “আমার স্বপ্ন তুমি” ছবিটি দেখে শাকিব খানের ভক্ত হয়ে যাই। তখনো ভাবিনি তাঁর সঙ্গে অভিনয় করা হবে। অবশেষে “কোটি টাকার কাবিন” ছবিটি সেই সুযোগ করে দেয়। প্রিয় নায়কের সঙ্গে অভিনয় করার সেই সময়কার অনুভূতি বলে বোঝানো সম্ভব না।’ প্রথম দেখায় কী কথা হয়েছিল জানতে চাইলে অপু বলেছিলেন, ‘প্রথম দেখাতেই আমি তাঁকে সালাম দিই। ভাইয়া বলে ডাকি। কিছুদিন পর আমরা আউটডোর শুটিংয়ে ঢাকার বাইরে যাই। একটি রোমান্টিক গানের দৃশ্যধারণের কাজ করা হবে। কথা প্রসঙ্গে সে সময় শাকিব আমাকে বলে, “এই, আমাকে ভাইয়া বলে ডাকবে না। হয় শাকিব বলে ডাকবে, না হয় আমার একটা ডাকনাম আছে রানা, সে নামেই ডাকবে। আমার পরিবার এবং খুব কাছের মানুষেরাই আমাকে রানা নামে ডাকে। তাই তুমি আমাকে রানা নামেই ডাকবে।” সেই থেকে শুরু। কখনো শাকিব, কখনো রানা নামে তাকে ডাকি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কাজের সংখ্যা বাড়তে থাকে। বলা যায়, আমার প্রায় সব ছবির নায়কই শাকিব খান। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। কাজের কারণে ধীরে ধীরে সহকর্মী থেকে আমাদের সম্পর্ক ভালো বন্ধুত্বে গড়ায়। এখনো আমরা দুজন দুজনের খুবই ভালো বন্ধু।’ বর্তমানে শাকিব ও অপু জুটি হয়ে মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ ছবির কাজ করছেন। পাশাপাশি ‘সত্তা’, ‘মেন্টাল’ ছবির কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব। সামনে ‘আরও ভালোবাসব তোমায়’ নামের নতুন একটি ছবির কাজ শুরু করবেন তিনি।