নিজের বিয়েতে চুটিয়ে নাচ গুনগুনের!
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
নিজের বিয়েতে চুটিয়ে নাচ গুনগুনের
তাহলে কি বাড়িতে এবার জোড়া বিয়ে হবে? আনন্দের চোটে যা-তা করছেন তৃণা সাহা! কখনও পাত্রের হলুদের অনুষ্ঠানে হাজির হয়ে যাচ্ছেন। সবাই তাকে সেখান থেকে সরালে ননদকে নিয়েই মনের সুখে নেচে নিচ্ছেন। বলছি, ভারতিয় বাংলা চ্যানেল স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকের কথা।
গুনগুন অর্থাৎ তৃণা সাহা সেজেছেন হলুদের সঙ্গে রংমিলিয়ে কাঁচা হলুদ রঙের সালোয়ার-কামিজে। সেজেছে সারা বাড়িও। ঝলমলে আলোয়, ফুলের মালায়। মালা বদলের সময় যা করলেন, বলার নয়! শুভদৃষ্টির আগেই পানপাতা সরিয়ে খুনসুটিতে মাতলেন হবু বরের সঙ্গে!
এদিকে এক বছরের চুক্তিতে বিয়ে! শ্বশুরবাড়ির সব্বাইকে পছন্দ। কিন্তু পাত্র? মোটেও পছন্দ নয় কন্যার। বিয়ের আগেই উঠতে বসতে তাই ঠাস ঠাস লাগছে দু’জনের।
কার্তিক মাসে তৃণা বিয়ে করছেন। বিয়ে হচ্ছে সৌজন্যের সঙ্গে গুনগুনের। কলকাতার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’য়। যেখানে গুনগুন চরিত্রে মাতিয়ে দিয়েছেন তৃণা। তারই কিছু ক্লিপিংস ভাইরাল। যেখানে ‘গুনগুন’ ওরফে তৃণা নিজের বিয়েবাড়িতে শোরগোল ফেলে দিয়েছেন।
গল্পের ভিতরে আরও গল্প আছে। সবাই যখন সৌজন্য-গুনগুনের বিয়ে নিয়ে ব্যস্ত সেই আবহে বহু বছর পর ফিরে এসেছেন ‘মেঘমালা’ বা ‘পুটু পিসি’ ওরফে সোহিনী সেনগুপ্তের ‘প্রাক্তন প্রেমিক’ ‘সুকল্যাণ’ ওরফে বাদশা মৈত্র।
সোহিনীর কথায়, ‘‘এর সঙ্গে মেঘমালার বিয়ে ঠিক হয়েছিল। কোনও কারণে সেটি ভেঙে যায়। তার বহু বছর
পরে আবার পরিবারের আদরের ‘পুটু পিসি’র জীবনে ফিরছে সে।’’
তাহলে কি জোড়া বিয়ে দেখতে পাবে দর্শক? সোহিনীর যুক্তি, বিয়ের আবহ আরেকটা তৈরি হলেও এক্ষুণি হবে কিনা সেটা বলা বারণ। পর্দায় দর্শককে দেখতে হবে সব কিছু।
অর্থাৎ, বাকি ধারাবাহিকগুলোর মতো নয়া টুইস্ট ‘খড়কুটো’তেও। এমনিতেই ধারাবাহিকে অভিনেতার তালিকা নজরকাড়া। দুলাল লাহিড়ী, রত্না ঘোষাল, চন্দন সেন, অভিষেক চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, রাজকন্যা, কৌশিক রায়ের দাপাদাপি এই মেগাসিরিযাল জুড়ে।
তারই মধ্যে বাদশা মৈত্রের সংযোজন বাড়তি আগ্রহ তৈরি করবে দর্শক মনে।
