হৃদয় খানের সঙ্গে গাইলেন আনিকা
ফিচার ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১০:০৩ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা উন্মোচিত হয়েছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর গ্র্যান্ড ফিনালের।
এবারের আসরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাইম। ১৮ নভেম্বর মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। এ গ্র্যান্ড ফিনালের বিচারক হিসাবে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোচিত্রী চঞ্চল মাহমুদ, যাদু শিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
অনুষ্ঠানে গান পরিবেশন করতে মঞ্চে ওঠেন পাওয়ার ভয়েজখ্যাত সংগীতশিল্পী তাসনিম আনিকা। মাইক্রোফোন হাতে হেলেদুলে গান পরিবেশন করে মঞ্চ মাতান এ তারকা। আনিকার সাথে একই মঞ্চে গান পরিবেশন করেন হৃদয় খান ও প্রত্যয় খান। বলা যায় প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে গাইলেন এ তিন শ্রোতাপ্রিয় সংগীত শিল্পী। অনুষ্ঠানে একটি গানই গাওয়ার সুযোগ ছিলো আর তাই ভিন্নভাবে একাধিক বাংলা ও ইংরেজি গান নিয়ে নয় মিনিটের একটি কোলাজ করা হয়েছে। এর সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই।
তাদের পরিবেশনায় বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলের দর্শক করতালি দিয়ে অভিবাদন জানান। গান পরিবেশন শেষে তাসনিম আনিকা, হৃদয়-প্রত্যয় তিন জন দর্শক ও আয়োজকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ গ্র্যান্ড ফিনালের প্রথম রানার্স আপ হয়েছেন জেসিয়া এবং দ্বিতীয় রানার্স আপ জান্নাতুন সুমাইয়া। প্রায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে উঠে আসা ১০ প্রতিযোগীর মধ্য থেকে বিচারকরা চুড়ান্ত বিজয়ীকে ঘোষণা করেন। যাদের মধ্যে বিজয়ী ১ জন যাবেন চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে।
