বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ডেমি লোভাটো
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৫৬ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার
মার্কিন পপ গানের শিল্পী ডেমি লোভাটো (ছবি: সংগৃহীত)
মার্কিন পপ গানের শিল্পী ডেমি লোভাটো বাংলাদেশের গানের শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন। তরুণী এই জনপ্রিয় শিল্পীর ষষ্ঠ একক অ্যালবাম ‘টেল মি ইউ লাভ মি’ এখন চাহিদার দিক দিয়ে বিশ্বের ৪০টি দেশে শীর্ষে আছে। আর জনপ্রিয়তার সেই তালিকায় বাংলাদেশ রয়েছে এক নম্বরে। এ কারণেই এ ধন্যবাদপ্রাপ্তি।
বাংলাদেশকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন এই গ্ল্যামারকন্যা। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন ডেমি লোভাটো। তাতে লেখা রয়েছে, ‘থ্যাংক ইউ বাংলাদেশ’। ছবির পোস্টে ‘টেল মি ইউ লাভ মি’ অ্যালবামটি বাংলাদেশি শ্রোতাদের কাছে চাহিদার দিক দিয়ে এক নম্বরে রয়েছে জানিয়ে ডেমি লিখেছেন, ‘বাংলাদেশে এক নম্বর! যাদের জন্য এই রেকর্ড তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ভালোবাসি।’
ডেমি লোভাটোর সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। তবে বেশির ভাগই বাংলাদেশিরা। অনেকে ডেমির গানের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বাংলায়ও কমেন্ট করেছেন। ডেমি লোভাটোর পেজটিতে লাইকের সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ১৭ হাজার ৮২৮।
বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় এই পপ শিল্পী এরই মধ্যে ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’, ‘পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস’, ‘ল্যাটিন আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ডস’ পেয়েছেন। আর মনোনয়ন পেয়েছেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ ও ‘৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস’ এর জন্য।
