ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৯:২১:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচনী প্রচারে গিয়ে মেজাজ হারালেন নুসরত জাহান

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বাড়তি আবদারে’ বেঁকে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী তথা তৃণমূল সংসদ সদস্য নুসরত জাহান। দলের তরফেই একটু বেশি সময় ধরে প্রচার চালিয়ে যেতে অনুরোধ জানানো হয়েছিল তাকে। কিন্তু নুসরত সাফ জানিয়ে দেন, আর পারবেন না তিনি। শুধু তাই নয়, মুখের কথা শেষ হওয়ার আগে গাড়ি থেকেও নেমে যান।

শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে যান নুসরত। খাঁ খাঁ রোদের মধ্যেও এক ঘণ্টার ওপর হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি। তার পরেও আরো কিছুক্ষণ তাকে প্রচার করার আর্জি জানাতেই অভিনেত্রী বেঁকে বসেন বলে জানা গেছে।

দলীয় কর্মীদের সাথে নুসরতের কথোপকথনের একটি ভিডিয়োও সামনে এসেছে। আনন্দবাজার ডিজিটাল যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে ওই ভিডিয়োয় দেখা গেছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসরতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধ কিলোমিটার গেলেই হবে।

কিন্তু গাড়ির পিছনের রড ধরে দাঁড়িয়ে থাকা নুসরত হাত নেড়ে না বলতে থাকেন। তাতেও ওই কর্মী না থামায় চটে যান তিনি। বলেন, ‘এক ঘণ্টার উপর র‌্যালি করছি।’ এ কথা বলেই রডের নিচ দিয়ে মাথা গলিয়ে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হন নুসরত। তাকে রেগে যেতে দেখে, এতটা রাস্তা প্রচারের জন্য পাশ থেকে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান দলীয় কর্মীরা। পাশ থেকে ‘ঠিক আছে’ বলতেও শোনা যায় কয়েক জনকে।

তবে তাতেও থামেননি নুসরত। বরং কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আর নামতে নামতেই বলেন, ‘এক ঘণ্টার উপর র‌্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। ঠাট্টা করছ?...’ সূত্র : আনন্দবাজার


-জেডসি