পরীমণির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০১ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
সাভারের বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও যৌন হেনস্তার ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখনই নায়িকার বিরুদ্ধেই উঠল বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ। জানা গেছে, এক তারকা দম্পতির অনুষ্ঠানে গিয়ে এমনটা ঘটান এই তারকা। বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল আজিজ বলেন, ‘পরীমনি বনানী ক্লাবের সদস্য নন। তবে মাস ছয়েক আগে একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন। তবে সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না। ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানতেন।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়।’
পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী এই প্রসঙ্গে বলেন, ‘বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাউর হয় ৯ দিন পর।
এর আগে গত ৯ জুন গভীর রাতে ঢাকা বোট ক্লাবে নাসির উদ্দিন মাহমুদ ও অমি নামে দুই ব্যবসায়ী তাকে মারধর ও যৌন হেনস্তা করেন অভিযোগ তোলেন পরীমনি। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এই খবর প্রকাশ করেন। পরদিন সাভার মডেল থানায় বাদী হয়ে তিনি মামলাও করেন। ওইদিনই গ্রেপ্তার করা প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ মোট পাঁচজনকে।
-জেডসি
